
নিউজ ডেস্কঃ ৭ জানুয়ারি ‘প্রহসনের’ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরকার আরও বেশি বেপরোয়া ও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া এবং চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল এ বিবৃতি দেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেপরোয়া ও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নানান কায়দায় দমন-পীড়নের মাত্রা বৃদ্ধি করা করেছে। মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতা-কর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে এক জুলুমের সংস্কৃতি তৈরি করা হয়েছে বলে বিবৃতিতে তিনি দাবি করেন।