
নিউজ ডেস্কঃ বাংলাদেশে সফররত চীনা নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ‘থাং শান’ ও ‘দা ছিং’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার (১৯ সেপ্টেম্বর) তারা চীনা নৌবাহিনীর জাহাজ দুটি পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চীনা দূতাবাসের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজ পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চীনের নৌবাহিনীর জাহাজ দুটির বিভিন্ন অংশে যান। তিনি জাহাজে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির নৌ সরঞ্জাম ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়সহ অন্যান্য কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা জাহাজ দুটির কমান্ডিং অফিসার ও কর্মকর্তা-নাবিকদের সঙ্গে মতবিনিময় করেন।