
নিউজ ডেস্কঃ আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে না আসায় বিএনপিকে অনেক খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে ফেনীর দাগনভূঞায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘জেল থেকে বের হয়ে অসুস্থতার অজুহাতে জনগণের কাছে না গিয়ে লাঠি হাতে তিনি মার্কিন প্রতিনিধিদলের কাছে নালিশ করতে চলে গেছেন। তাঁরা জনগণের কাছে নালিশ না করে বিদেশিদের কাছে নালিশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। অচিরেই টের পাবেন রাজনীতিতে তাঁরা কতটা সংকুচিত।’ মন্ত্রী এ সময় আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এটিকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রূপান্তরিত করা হতে পারে।