News71.com
 Bangladesh
 26 Feb 24, 10:32 AM
 106           
 0
 26 Feb 24, 10:32 AM

পুলিশ সপ্তাহে সম্মানসূচক পদক পাচ্ছেন পুলিশের ৪০০ কর্মকর্তা॥

পুলিশ সপ্তাহে সম্মানসূচক পদক পাচ্ছেন পুলিশের ৪০০ কর্মকর্তা॥


নিউজ ডেস্কঃ এবার ৪০০ পুলিশ সদস্য সম্মানসূচক পদক পাচ্ছেন। অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাদের এই পদক দেয়া হচ্ছে। পদকপ্রাপ্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য রয়েছেন ৬৬ জন। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত কৃতিত্বপূর্ণ কাজের জন্য তাদের মনোনীত করা হয়। এতে বলা হয়, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ এবং ৬০ জন ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ পাচ্ছেন। এছাড়া মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ২১০ জন ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পাচ্ছেন।


এর পাশাপাশি পুলিশ অধিদপ্তরের ৫৩ জন, জেলা পুলিশ সুপার ৩৩ জন এবং র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসানসহ ৩৮ জন পদকের জন্য মনোনীত হয়েছেন। এছাড়া এবার মরণোত্তর পদক পাচ্ছেন ছয়জন। এরমধ্যে ২৮ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের হামলায় নিহত আমিরুল ইসলামও এ পদক পাবেন। এবারের পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে, আগামী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)। সেখানে পুলিশ সপ্তাহের প্রথম দিনের কর্মসূচিতে অংশ গ্রহণের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি প্যারেডে সালাম গ্রহণের পর নিজ হাতে এসব পুলিশ সদস্যদের পদক পরিয়ে দিবেন। এই পদক পুলিশের চাকরিতে খুবই সম্মানজনক। পুলিশ কর্মকর্তারা এ জন্য আর্থিক সুবিধা পান এবং নামের পাশে এই পদক উপাধি হিসেবে ব্যবহার করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন