
নিউজ ডেস্কঃপোস্তগোলা সেতুর (বুড়িগঙ্গা-১) সংস্কারকাজ শুরু হচ্ছে আজ। চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। এ সময় ঢাকাসহ ২১ জেলার যাতায়াতে বাড়তি যানজটের আশঙ্কা। পোস্তগোলা সেতুর সংস্কারকাজের জন্য ৮ মার্চ পর্যন্ত বাড়তি যানজটের শঙ্কায় ট্রাফিক পুলিশ বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানিয়েছে। এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির সদরদপ্তরে ট্রাফিক বিভাগসহ সাতটি সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা বৈঠক করেন। বৈঠক শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান সাংবাদিকদের সাথে কথা বলেন।
বৈঠকে বাড়তি যানজট মোকাবিলায় ও বিকল্প সড়ক নির্ধারণে চলাচল নিশ্চিতে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সংস্কারকাজ চলার সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করা হবে। বিজ্ঞপ্তিতে সম্ভাব্য রুটগুলোকে দুই ধরনের ক্যাটাগরিতে করা হয়েছে। একটি ক্যাটাগরি-ভারি যানবাহন, আরেকটি হালকা যানবাহন। এ ছাড়া বিকল্প যেসব রুট আছে, সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোস্তগোলা সেতুর (বুড়িগঙ্গা-১) সংস্কারকাজ শুরু হচ্ছে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ কাজ চলবে ৮ মার্চ পর্যন্ত। সংস্কারকাজ চলার সময় ঢাকাসহ ২১ জেলার যাতায়াতের ক্ষেত্রে বাড়তি যানজটের আশঙ্কা করা হচ্ছে।