
নিউজ ডেস্কঃ দেশের ব্যাংকগুলোর সেবা নিয়ে গ্রাহকদের অভিযোগ বাড়ছে। সর্বশেষ জানুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংকের গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্রে (সিআইপিসি) ব্যাংকগুলোর বিরুদ্ধে প্রায় ১ হাজার ৭০০ অভিযোগ করেছেন গ্রাহকরা। অভিযোগের প্রায় ৯০ শতাংশই নিষ্পত্তি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।সংশ্লিষ্টরা বলছেন, অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বড় হচ্ছে দেশের ব্যাংক খাত। তাই অভিযোগের সংখ্যাও বাড়ছে। এর মধ্যে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি এবং ব্যাংক থেকে পর্যাপ্ত তথ্য সরবরাহের অভাব—প্রধানত এ দুটি কারণে অভিযোগ বাড়ছে। তারা মনে করেন, ব্যাংকগুলো প্রতিনিয়ত বাজারে নতুন নতুন পণ্য বা সেবা নিয়ে আসছে; কিন্তু এর ব্যবহার সম্পর্কে জনসচেতনতামূলক কর্মকাণ্ড চালায় না। ফলে ক্ষুদ্র সমস্যায়ও মানুষ কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ করে। অথচ চাইলে ব্যাংকগুলোই এসব অভিযোগ সমাধান করতে পারে। আবার গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়ায়ও অভিযোগ আসছে বেশি।