
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস জানান, ব্যাংকের মাধ্যমেই ৮০ শতাংশ মানি লন্ডারিংয়ের হয়। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের কেন্দ্রীয় সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন বিস্তারিতভাবে তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউর প্রধান মাসুদ বিশ্বাস।
বিএফআইইউর বার্ষিক প্রতিবেদনে বলা হয়, দেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন (এসটিআর) ও সন্দেহজনক কার্যক্রম ব্যাপকহারে বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ ১২ হাজার ৮০৯টি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট জমা দিয়েছে ব্যাংকগুলো। তার আগের অর্থবছরে ৭ হাজার ৯৯৯টি রিপোর্ট জমা দিয়েছিলো ব্যাংকগুলো। অর্থাৎ এই সময়ের মধ্যে ব্যাংকগুলোর সন্দেহজনক লেনদেন বেড়েছে চার হাজার ৮১০টি। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট ১৪ হাজার ১০৬টি সন্দেহজনক লেনদেন প্রতিবেদন বা এসটিআর জমা হয়েছে।