
নিউজ ডেস্কঃ বাংলাদেশে অবস্থানকারী কোনো রোহিঙ্গা চাইলে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে হয়ে যাচ্ছেন এ দেশের নাগরিক। এক চক্রের মাধ্যমে জন্মনিবন্ধন করার পর অসংখ্য রোহিঙ্গা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রও (এনআইডি) নিয়েছেন বলে অভিযোগ। পৌরসভার মেয়র ও পৌর নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবের জন্মনিবন্ধনের এক্সেস ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে বিরল উপজেলার বাসিন্দা হিসাবে দেখিয়ে ভুয়া জন্মসনদ কপি এবং নম্বর দিয়ে আসছিল চক্রটি। চক্রের ৫ সদস্যকে গ্রেফতারের পর গতকাল সোমবার এমন তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলেন মো. শহিদুল ইসলাম মুন্না, মো. রাসেল খান, মোস্তাফিজুর রহমান, মো. আব্দুর রশিদ ও সোহেল চন্দ্র।
ডিবি জানিয়েছে, চক্রটি বাগেরহাট, নারায়ণগঞ্জ এবং দিনাজপুর জেলার ভিন্ন ভিন্ন থানা এলাকা থেকে ভুয়া জন্মনিবন্ধন করে দিত। প্রতিটি কাজে ৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিতেন তারা। এজন্য ফেসবুকে বিভিন্ন নামে পেজ খুলে প্রচারণা চালাতেন। তাদের মাধ্যমে অনেক দাগি আসামিও নিজের নাম-পরিচয় পালটিয়ে ভুয়া জন্মনিবন্ধন নিয়েছেন। আবার অনেকে ভুয়া পাসপোর্ট তৈরি করেন। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গ্রেফতার রশিদ দিনাজপুরের বিরল পৌরসভার কম্পিউটার অপারেটর এবং সোহেল বিরলের ১০ নম্বর রাণীপুকুর ইউনিয়ন পরিষদে কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত।