
নিউজ ডেস্কঃ ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় ব্যাংক একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে অন্যদিকে সরকারের প্রয়োজন মেটাতে টাকা ছাপাচ্ছে। তাঁরা একে বর্ণনা করেছেন ‘বিপরীতমুখী’ পদক্ষেপ হিসেবে। তবে তাঁদের সঙ্গে দ্বিমত পোষণ করে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান বলেছেন, টাকা ছাপানোর যে কথা বলা হচ্ছে, তা সঠিক নয়।
আজ রোববার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে পরস্পরবিরোধী এই বক্তব্য উঠে আসে। ‘বেসরকারি খাতের দৃষ্টিতে ছয় মাসে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পর্যালোচনা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার। ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান।
সেমিনারে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শামস মাহমুদ বলেন, বেসরকারি খাতের উদ্যোক্তারা বর্তমানে ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকার সংস্থান করতে পারছেন না। কেন্দ্রীয় ব্যাংক একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়েছে। অন্যদিকে সরকারের প্রয়োজন মেটাতে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাচ্ছে, যেটা বিপরীতমুখী।বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) জ্যেষ্ঠ অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেন, খেলাপি ঋণের কারণে দেশের বেসরকারি খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। দেশের ২২ শতাংশের বেশি ঋণ সমস্যাযুক্ত।