
নিউজ ডেস্কঃ ২০২২-২৩ অর্থবছরে সরকারের মোট দেশজ উৎপাদন তথা জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা থাকলেও বছর শেষে তা দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৮ শতাংশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বৃহস্পতিবার এই হিসাব প্রকাশ করেছে। বিবিএসের প্রকাশিত জিডিপির হিসাবে দেখা যায়, দেশের কৃষিতে উৎপাদন বাড়লেও শিল্প ও সেবা খাতে উল্লেখযোগ্য হারে কমেছে।২০২২-২৩ অর্থবছরে কৃষিতে জিডিপির প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ৩ দশমিক ৩৭ শতাংশ, যেটি আগের অর্থবছর অর্থাৎ ২০২১-২২ অর্থবছরে ছিল ৩ দশমিক ০৫ শতাংশ।
কৃষিতে প্রবৃদ্ধি বাড়লেও হতাশার চিত্র শিল্প ও সেবায়। শিল্প খাতে গত অর্থবছরে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশ, আগের বছরে তা ছিলো ৯ দশমিক ৮৬ শতাংশ। সেবা খাতেও প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৭ শতাংশে, যেটি ২০২১-২২ অর্থবছরেও ছিলো ৬ দশমিক ২৬ শতাংশ। গত বছরের তুলনায় কমেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পর্যন্ত সময়ে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে। চলতি অর্থবছর তথা ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক শূন্য ৭ শতাংশে।যেটি আগের বছরের একই প্রান্তিকে ছিলো ৮ দশমিক ৭৬ শতাংশ।