
নিউজ ডেস্কঃ মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে টিকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির বিজিপি ও সেনাবাহিনীর ৩৩০ জন সদস্য আজ বৃহস্পতিবার নিজ দেশে ফেরত যাবেন। সকালে কক্সবাজারের ইনানী ঘাট দিয়ে নৌবাহিনীর একটি জাহাজে করে তাঁদের নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে বিজিবি। ইতিমধ্যেই মিয়ানমার তার সেনা সদস্যদের ফেরত নিতে একটি জাহাজ পাঠিয়েছে। ওই ৩৩০ জন ১১ দিন ধরে বাংলাদেশে আশ্রিত। বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী মিয়ানমারের এলাকায় গোলাগুলি কমলেও আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি। বাংলাদেশের সীমান্ত এলাকার স্থানীয় লোকজনের আশঙ্কা, লড়াইয়ের ময়দানে পিছু হটা মিয়ানমারের জান্তা সরকারের বাহিনী যেকোনো সময় হারানো এলাকা ফিরে পেতে বিদ্রোহীদের ওপর আক্রমণ শুরু করতে পারে। এই আতঙ্কের মধ্যেই আজ সীমান্তবর্তী এলাকার এসএসসি পরীক্ষার্থীরা বসছে পরীক্ষায়।