
নিউজ ডেস্কঃ ব্যাংক পরিচালনায় স্বতন্ত্র পরিচালকদের ক্ষমতা ও জবাবদিহিতা বাড়ানো হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ কোনো অনিয়ম করলে বা বিধি ভঙ্গ করলে স্বতন্ত্র পরিচালককে তা কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। পর্ষদে তারা কোনো প্রস্তাব উপস্থাপন করলে তা গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। না করলে তা স্বতন্ত্র পরিচালক কেন্দ্রীয় ব্যাংককে জানাবেন। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো স্বতন্ত্র পরিচালককে অপসারণ করা যাবে না। পদত্যাগ করলে ৭ দিন আগে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।
ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এই প্রথমবার স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা জারি করল। এর আগে ব্যাংক কোম্পানি আইনের আওতায় স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিধান করা হয়। এর আওতায় ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগও করা হয়। কিন্তু তাদের কাজের কোনো জবাবদিহি ছিল না। বাড়তি কোনো ক্ষমতাও ছিল না। বেশির ভাগ ব্যাংকেই স্বতন্ত্র পরিচালক ছিল মূল পরিচালকদের অনুসারী। এবার তাদেরকে আলাদা মর্যাদা দেওয়া হলো।