
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের নির্বাচনে ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী শহীদুজ্জামান সরকার। এ নিয়ে টানা চতুর্থ বারসহ পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র (ট্রাক) প্রার্থী এইচ এম আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট।
গতকাল সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা এই ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২৪টি ভোট কেন্দ্রের ৭০৬টি কক্ষে ভোট নেওয়া হয়। এদিকে নৌকা ও ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা দুই প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী তোফাজ্জল হোসেন ও স্বতন্ত্র (ঈগল) প্রার্থী মেহেদী মাহমুদ রেজা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৮৪টি এবং মেহেদী মাহমুদ রেজা পেয়েছেন ১ হাজার ৪২৬ ভোট।