
নিউজ ডেস্কঃ দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার সংকট থাকলেও তা কাটিয়ে উঠছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। একই সঙ্গে বাংলাদেশ যে সম্ভাবনার দেশ, সেই ট্র্যাকেই ফিরে এসেছে। আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) আবাসিক প্রতিনিধির আর্নদ হেমিলিয়ারসের সঙ্গে বৈঠকের শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সংকট আছে, কিন্তু আমরা ওভারকাম করছি। আস্তে আস্তে আমরা উন্নতি করছি। একই সঙ্গে বাংলাদেশ এখন ঊর্ধ্বমুখী। বাংলাদেশ যে সম্ভাবনার দেশ, সেই ট্র্যাকেই ফিরে এসেছি।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ নাকি দেউলিয়া হয়ে গেল? না বাংলাদেশ কোথায় দেউলিয়া? এত বড় একটা দেশ দেউলিয়া হতে পারে না। আমাদের রিজার্ভ উন্নতি করছে।’