
নিউজ ডেস্কঃ ডলার-সংকটে বিদেশি বিনিয়োগ বা এফডিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু বিশ্ব অর্থনীতিতে নানা সংকট ও বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে কমে গেছে বিদেশি বিনিয়োগ ও ঋণের ছাড়। এমন পরিস্থিতিতে গত দেড় বছরে দেশে বিদেশি মুদ্রার সংকট প্রকট আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে ডলার আয় বাড়াতে বিদেশি মুদ্রা আয়ের সবচেয়ে বড় খাত পোশাক রপ্তানি বাড়ানোতে গুরুত্ব দিচ্ছে সরকার। সরকারের এই গুরুত্বপূর্ণ খাতেই বিদেশিদের বিনিয়োগ সবচেয়ে বেশি। তবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় ৪০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নিট এফডিআই অস্বাভাবিক হারে কমেছে। বিদায়ী ২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে নিট এফডিআই এসেছে ৬৭০ দশমিক ২১ মিলিয়ন ডলার। ২০২২ সালের একই সময়ে এসেছিল ১ দশমিক ১০ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে কমেছে ৩৯ দশমিক শূন্য ৮ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে যুক্তরাজ্য। এই সময়ে দেশটির বিনিয়োগ ৪৭ দশমিক ৭৪ মিলিয়ন ডলার। এরপরই অবস্থান দক্ষিণ কোরিয়ার। দেশটির বিনিয়োগ ৪২ দশমিক ৩০ মিলিয়ন ডলার। এ ছাড়া শীর্ষ বিনিয়োগকারী দেশের মধ্যে রয়েছে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কা। এই খাতে দেশগুলোর মোট বিনিয়োগের পরিমাণ ৬৬২ দশমিক ১৯ মিলিয়ন ডলার।