
নিউজ ডেস্কঃ বাংলাদেশকে ঘিরে ওয়েলক্স পের প্রতারণার ফাঁদ পেতেছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স, মোবাইলে আর্থিক সেবা দেওয়া (এমএফএস) শীর্ষ প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে চুক্তি ও তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম উদ্যোক্তা সোনিয়া বশির কবিরের নাম ব্যবহার করে প্রযুক্তিপ্রতিষ্ঠানটি অপপ্রচার চালাচ্ছে। প্রতিষ্ঠানটি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছে, ওয়েলক্স পে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস ওপারেটর (পিএসও) লাইসেন্স পেয়েছে, বিকাশের সঙ্গে চুক্তি করেছে। গত বছরের ১৬ নভেম্বর ভারতের হিন্দুস্তান টাইমসে একটা বিজ্ঞাপনবার্তায় বলা হয়, ওয়েলক্স পে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস ওপারেটর (পিএসও) লাইসেন্স পেয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো লাইসেন্স নেয়নি প্রতিষ্ঠানটি। এমনকি কোনো আবেদনও জমা দেয়নি।যাদের লাইসেন্স দেওয়া হয়েছে, তাদের তালিকা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আছে।