
নিউজ ডেস্কঃ নতুন সরকারের মেয়াদ এক মাস পূর্ণ হওয়ার আগেই মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের পর মন্ত্রিসভা একটু বড় হতে পারে। যুক্ত হতে পারেন ৫-৭ জন সদস্য। ১৪ দলীয় জোটের শরিক দল থেকে একজনকে স্থান দেওয়া হতে পারে। টেকনোক্র্যাট কোটায় দুজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে এমন আলোচনাও আছে। কে বা কাকে অন্তর্ভুক্ত করা হবে তা নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ। এক্ষেত্রে কয়েকজন নতুন সংসদ-সদস্যের নাম আলোচনায় আছে। এরা এবারই প্রথম এমপি হয়েছেন। আগে প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন, মন্ত্রিসভা গঠন, সম্প্রসারণ বা রদবদল পুরোপুরিভাবে প্রধানমন্ত্রীর একক এখতিয়ার। কে কে মন্ত্রিসভায় আসবেন-এটি একান্তভাবেই প্রধানমন্ত্রী জানেন। সরকারের প্রয়োজনে মন্ত্রিসভার আকার বাড়তেও পারে, আবার নাও বাড়তে পারে। নবগঠিত মন্ত্রিসভায় বড় ধরনের চমক দেখা গেছে। ৩৭ সদস্যের মন্ত্রিসভায় নতুন যুক্ত হয়েছেন ১৪ জন। এই তালিকায় স্থান পাননি বিদায়ি মন্ত্রিসভার ২৮ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। বাদ পড়েছেন ১৪ জন মন্ত্রী, ১২ জন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী।