
নিউজ ডেস্কঃ বাংলাদেশসহ সদস্যভুক্ত দেশগুলোর জন্য জলবায়ু তহবিলে ২০২৩ সালে রেকর্ড পরিমাণে প্রতিশ্রুতি দিয়েছিল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যার পরিমাণ ১০ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে এত প্রতিশ্রুতি আর কখনো দেয়নি সংস্থাটি। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল সদস্য দেশগুলোকে (ডিএমসিএস) সাহায্য করার জন্যই এই অর্থায়ন। ২০২২ সালের তুলনায় এর পরিমাণ প্রায় ৪৬ শতাংশ বেশি। বৃহস্পতিবার এডিবির প্রধান কার্যালয় ম্যানিলা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ২০২৩ সালে রেকর্ড পরিমাণ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। পৃথিবীকে উষ্ণতা থেকে কিছুটা হলেও পরিত্রাণ দিতেই এডিবির এই উদ্যোগ। যে কারণে ৯ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড প্রতিশ্রুতি। এর মধ্যে সংস্থাটির নিজস্ব রিসোর্স ৫ দশমিক ৫ বিলিয়ন এবং ৪ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার সংস্থাটি নানা উৎস থেকে সংগ্রহ করা অর্থায়ন। জলবায়ু খাতে গত চার বছরে (২০১৯-২০২৩) এডিবি অর্থায়ন করেছে ১০ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার অথচ এই সময়ে প্রতিশ্রুতি ছিল ৯ বিলিয়ন মার্কিন ডলার।