
নিউজ ডেস্কঃ সংসদের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে জীবিকা নির্বাহ করা। আমরা প্রথম থেকেই বলছি এটাই সরকারের বড় চ্যালেঞ্জ। এটা যদি তারা (সরকার) সঠিকভাবে করতে না পারে, তাহলে দেশের মানুষ তাদের সামনের দিনে হয়তো এতটুকু সুখে থাকতে না-ও দিতে পারে। দেশের অর্থনৈতিক অবস্থা দিনকে দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে। এটা দেশের জন্য মঙ্গলজনক নয়।’আজ বৃহস্পতিবার রংপুর নগরীর দর্শনা পল্লিনিবাসে জাতীয় পার্টির প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা চোখে পড়ছে না। তবে ভেতরে-ভেতরে একটা অস্থিরতা নিশ্চয়ই আছে। স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝতে পারছি, সেটা হলো, দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ছে। এটার জন্য কোনো রকম কোনো ব্যবস্থাই কাজ করছে না। সাধারণ মানুষের আয় কমে গেছে, সেই হিসাবে জিনিসপত্রের দাম বাড়ছে।’
সংসদ অধিবেশনের বক্তব্য প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘প্রথম সংসদ অধিবেশনে আমি অসন্তুষ্টির কিছু বলিনি। সংসদে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে স্পিকারের কাছে আমাদের প্রত্যাশার কথা জানিয়েছি, যুক্তি দিয়েছি। এখন অনেকে বলছেন, এটা বলার রেওয়াজ ছিল না। আমি বলি, রেওয়াজ মানুষের তৈরি। নতুন রেওয়াজ তৈরির জন্য মানুষই রেওয়াজ ভাঙে। রেওয়াজ কোনো আইন নয়, আইন হলেও তা পরিবর্তন করা যায়। সংসদে আমি কোনো অসাংবিধানিক বক্তব্য দিইনি।’