
নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদে অধিবেশন কক্ষের প্রথম সারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসন পেয়েছেন সংসদের প্রবীণ সদস্যরা। মঙ্গলবার বিকেল তিনটায় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এর আগেই সংসদ সচিবালয় সদস্যদের আসন বিন্যাস চূড়ান্ত করে। এই সংসদের সরকারি বেঞ্চের (স্পিকারের আসনের ডান পার্শ্বে) আগের মতোই প্রথম আসনে বসেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর পরের আসনটি ফাঁকা রয়েছে। এরপর থেকে পর্যায়ক্রমে আসন পেয়েছেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আমির হোসেন আমু, আ ক ম মোজাম্মেল হক, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আবুল হাসানাত আবদুল্লাহ, ওবায়দুল কাদের ও তোফায়েল আহমেদ। মাঝে অংশের (স্পিকারের আসন বরাবর সামনে) প্রথম সারির বাম দিকের প্রথম আসন পেয়েছেন সাবেক অর্থ মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। এরপর পর্যায়ক্রমে বাণিজ্যমন্ত্রী ফারুক খান, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, শিল্পমন্ত্রী ইউসুফ হোসেন হুমায়ূন, সাবেক পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, রাজিউদ্দিন আহমেদ রাজু এবং শেষ আসনটি ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর জন্য নির্ধারণ করা হয়েছে।