
নিউজ ডেস্কঃ অসংখ্য বাংলাদেশি বেকার থাকলেও বাংলাদেশের শ্রম বাজারে বিপুল সংখ্যক ভারতীয় কাজ করছেন বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেন৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশে অবশ্যই আনডকুমেন্টেড ভারতীয়রা কাজ করছে৷ আনঅফিশিয়ালি বাংলদেশ থেকে ৫ বিলিয়ন ডলার ভারতে রেমিট্যান্স যায়৷'' নিয়ম নীতি মেনে কাজ করার ক্ষেত্রে কী কী অসুবিধা সে বিষয়ে অনুষ্ঠানের সঞ্চালক খালেদ মুহিউদ্দীন প্রশ্ন করলে সাবেক এই সচিব বলেন, ‘‘ডকুমেন্টেড করলে কিছু ঝামেলা আছে৷ বিভিন্ন কোম্পানি যারা তাদেরকে নিয়োগ দেয় তারা হয়তো ভাবে, বাংলাদেশি নেয়ার থেকে ভারতীয় নিয়োগ দিলে তাঁদেরকে এতো অধিকারের ব্যাপারে চিন্তা করতে হয় না৷ তারা যখন তখন চাকরি ছেড়েও যাবে না৷''
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশো-তে অতিথি হিসেবে ছিলেন সাবেক পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল৷ বাংলাদেশি শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দুর্বলতার কথা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘‘আরেকটা সমস্যা হচ্ছে বাংলাদেশি শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা, যে কারণে বাংলাদেশি শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশনের পরেও ইংরেজি বলতে পারে না৷'' তবে এই বিষয়ে দ্বিমত পোষণ করে অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘‘বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে সবাই ইংরেজিতে কথা বলে, পরীক্ষা দেয়৷ যদি তাদের যোগ্যতা না থাকতো তাহলেতো শুধু ভারতীয় না, শ্রীলঙ্কা থেকেও আসতে পারতো৷''