
নিউজ ডেস্কঃ দেশের প্রধান শ্রমবাজার সৌদি আরব থেকে রেমিট্যান্স-প্রবাহ ধারাবাহিকভাবে কমছে। সবচেয়ে বড় শ্রমবাজার হলেও গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের এ দেশ থেকে রেমিট্যান্স কমেছে ২৫ শতাংশের বেশি। গত তিন বছরেই ১৫ লাখ ২১ হাজার বাংলাদেশি শ্রমিক কাজের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও উল্লেখযোগ্য হারে কমে গেছে রেমিট্যান্স-প্রবাহ। গত তিন বছরে দেশটি থেকে রেমিট্যান্স-প্রবাহে যে ঊর্ধ্বগতি ছিল, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সেটি কমে এসেছে। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের তুলনায় গত ছয় মাসে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স কমেছে ৪২ দশমিক ৭৬ শতাংশ। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে রেমিট্যান্স কমে গেলেও বেড়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে। গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে রেমিট্যান্স-প্রবাহ ৪৮ শতাংশ বেড়েছে। এতে বাংলাদেশের শীর্ষ রেমিট্যান্স আহরণের দেশের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে আরব আমিরাতের নাম।