
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো একই দিনে রাজধানীতে পালিত হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি’র রাজনৈতিক কর্মসূচি। শনিবার (২৭ জানুয়ারি) ঢাকায় শান্তি ও গণতন্ত্র সমাবেশ করছে আওয়ামী লীগ। আর ঢাকাসহ মহানগর পর্যায়ে কালো পতাকা মিছিল করছে বিএনপি। আজ দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির কালো পতাকা মিছিল শুরু হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, কারবন্দি নেতা-কর্মীদের মুক্তি, ‘অবৈধ সংসদ’ বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করবে দলটি। অন্যদিকে বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দুই দলের এই পাল্টা পাল্টি সমাবেশকে ঘিরে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই শহরে পুলিশের উপস্থিতি নজরে পড়ছে।