
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে নিজেদের ভূমিকা কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার দিকনির্দেশনার অপেক্ষায় আছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। আগামী রোববার স্বতন্ত্র সংসদ সদস্যদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। গণভবনের বৈঠক থেকে সংসদে ভূমিকার প্রশ্নে এবং সংরক্ষিত নারী আসন বণ্টনের বিষয়ে দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। ১০ জানুয়ারি সংসদ সদস্যরা শপথ নেন। সেদিন আওয়ামী লীগের সংসদীয় দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করে। পরদিন শপথ নেয় নতুন মন্ত্রিসভা। তবে দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল কারা হবে, স্বতন্ত্র সংসদ সদস্যরা বিরোধী দলের আসনে বসবেন কি না। স্বতন্ত্রদের ভূমিকা আসলে কী হবে—এসব বিষয়ে নানা আলোচনা রয়েছে রাজনৈতিক অঙ্গনে। স্বতন্ত্র সংসদ সদস্যদের অনেকে বলছেন, তাঁদের বেশির ভাগই প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সংসদে ভূমিকা রাখতে চান।