News71.com
 Bangladesh
 26 Jan 24, 10:49 AM
 117           
 0
 26 Jan 24, 10:49 AM

সরকারবিরোধী আন্দোলনে আজ থেকে আবারও মাঠে নামছে বিএনপি॥

সরকারবিরোধী আন্দোলনে আজ থেকে আবারও মাঠে নামছে বিএনপি॥

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচনের ১৮ দিন পর আবারও বড় জমায়েত নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে বিএনপি। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ‘অবৈধ’ সংসদ বাতিলের এক দফা দাবিতে আজ শুক্রবার সব জেলায় এবং আগামীকাল শনিবার সব মহানগরে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এসব কর্মসূচিতে বড় জমায়েত করে আবারও পুনরুদ্যমে মাঠে নামার চেষ্টা করছে বিএনপি। ইতিমধ্যে কালো পতাকা মিছিলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কালো পতাকা মিছিলের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। মিছিল করার মৌখিক অনুমতিও পাওয়া গেছে। সংবাদ সম্মেলনে দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, স্বাধীনতাত্তোর বাংলাদেশের মতো বর্তমানেও দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশে আবারও অভিশপ্ত একদলীয় বাকশাল কায়েম করা হয়েছে। একদলীয় সরকার, একদলীয় সংসদ, একদলীয় আইনকানুন, বিচার-আচার, প্রশাসন—সবকিছু একদলীয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন