
নিউজ ডেস্কঃ বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য চাকরিবিধি হচ্ছে। এর খসড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ, চাঁদা ও সমর্থন নিষিদ্ধ করে বিধান রয়েছে। এ ছাড়া কোনো বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ বা প্রস্তাব নিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংসদ সদস্য বা বেসরকারি কোনো ব্যক্তির কাছে যেতে পারবেন না। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাকরিবিধির এই খসড়া করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। খসড়ায় অনুমোদন ছাড়া প্রাইভেট টিউশন নিষিদ্ধের কথাও বলা হয়েছে। মন্ত্রণালয় বলছে, চাকরিবিধি হলে শিক্ষক-কর্মচারীরা উপকৃত হবেন।
তবে শিক্ষকনেতাদের অনেকে বলছেন, রাজনীতি করার অধিকার না থাকলে তা হবে ইউনেসকো ও আইএলও সনদের সঙ্গে সাংঘর্ষিক। এমপিওভুক্তদের চাকরিবিধি সম্পর্কে জানতে চাইলে গতকাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষকবান্ধব সরকার। শিক্ষকেরা ক্ষতিগ্রস্ত হবেন—এ রকম কোনো পদক্ষেপ নেবে না শিক্ষা মন্ত্রণালয়। এমপিও হলো ‘মান্থলি পে-অর্ডার’ বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মাসে মূল বেতন ও কিছু ভাতা পান সরকার থেকে।