
নিউজ ডেস্কঃ চাপের মধ্যে থাকা অর্থনীতি চাঙা করার পাশাপাশি উন্নয়ন প্রকল্পে গতি আনতে চায় সরকার। একই সঙ্গে দেশে দেড় বছরের বেশি সময় ধরে চলা ডলার-সংকট সামাল দিতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়ন ও ঋণের অর্থছাড় দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নীতিনির্ধারকেরা মনে করেন, এতে বিদেশি মুদ্রার মজুত বা রিজার্ভ বাড়বে। ফলে বাজারে ডলার-সংকট কমবে। আবার বৈশ্বিক ও দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে উন্নয়ন প্রকল্পে রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনাও করছে সরকার। এ ছাড়া উন্নয়ন প্রকল্প ভালোভাবে যাচাই-বাছাই এবং বাস্তবায়নে পরিকল্পনা কমিশনকে আরও উদ্যোগী করা হচ্ছে। গতকাল বুধবার পরিকল্পনা কমিশনের যে সভা হয়েছে, সেখানে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীনতার পর এটি ছিল পরিকল্পনা কমিশনের তৃতীয় বৈঠক। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারপারসন শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।