
নিউজ ডেস্কঃ তিন দিনের ভারত সফর শেষে আজ বুধবার দেশে ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। সফরকালীন সময়ে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে আলোচনার বিষয়ে তিনি সুস্পষ্ট করে কিছু জানাতে রাজি হননি। গতকাল সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফর নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন জাপা চেয়ারম্যান।
জি এম কাদের বলেন, ‘আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। সেখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমার খোলামেলা আলোচনা হয়েছে। সেই আলাপ কার সঙ্গে হয়েছে এবং কী বিষয়ে হয়েছে—সেটি বিস্তারিত কিছু এখনই বলতে পারব না। তবে জি এম কাদের জোর দিয়ে বলেন, বাংলাদেশে একটি ভালো নির্বাচন দেখতে চায় ভারত। তবে এ নিয়ে দলগুলোর মতপার্থক্যের বিষয়ে কিছু বলতে চান না তাঁরা।
বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মনোভাব প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচনের আগে-পরে সহিংসতা এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তেমনটাই ভারতের চাওয়া।
নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে দলগুলোর মধ্যে মতপার্থক্যের বিষয়ে ভারত কিছু বলেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত বলেছে এটা আপনাদের নিজস্ব ব্যাপার। আমরা চাই আপনারা আলাপ-আলোচনার মাধ্যমে এটার সুরাহা করবেন।’
আগামী নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি। আর কিছুদিন দেখেশুনে আমরা সিদ্ধান্ত নেব।’ বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে জি এম কাদের বলেন, ‘আমার একটা জিনিস ভালো লেগেছে যে জাতীয় পার্টি সম্পর্কে তাঁদের ধারণা ভালো। জাতীয় পার্টিকে তাঁরা সম্ভাবনাময় দল মনে করেন। তাঁরা এটাও প্রত্যাশা করেছেন, জাতীয় পার্টির সঙ্গে ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগেও ছিল এবং সামনেও থাকবে।’