News71.com
 Bangladesh
 24 Aug 23, 12:30 PM
 262           
 0
 24 Aug 23, 12:30 PM

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান চলাচল নিয়ে সমঝোতা॥

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান চলাচল নিয়ে সমঝোতা॥

নিউজ ডেস্ক: এখন থেকে বাংলাদেশের যে কোনো পয়েন্ট থেকে যে কোনো বিমান সংস্থা সৌদি আরবের যে কোনো আন্তর্জাতিক এয়ারপোর্টে ফ্লাইট পরিচালনা করতে পারবে। একইভাবে সৌদি আরবের বিমান সংস্থাও বাংলাদেশের যে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে পারবে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল সংক্রান্ত সমঝোতা স্মারকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ পক্ষে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি এবং সৌদি আরবের পক্ষে সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল আজিজ আল দুয়াইলেজ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

এ সময় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাজওয়ান আল রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুলাইহান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানসহ দুই দেশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এ ছাড়াও নতুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশ হতে সৌদি আরবে পরিচালিত ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে। বর্তমানে নির্ধারিত ৪৯টি যাত্রী ও কার্গো ফ্লাইট ফ্রিকোয়েন্সির পরিবর্তে ৪৯টি যাত্রী ফ্লাইট ফ্রিকোয়েন্সি এবং নতুন করে ২১টি কার্গো ফ্লাইটের ফ্রিকোয়েন্সি সুবিধা পাবে বাংলাদেশের বিমান সংস্থাগুলো। ২১টি  কার্গো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ফিফথ ফ্রিডম ট্রাফিক রাইটসের আওতায় চারটি মধ্যবর্তী অথবা দূরবর্তী পয়েন্ট ব্যবহার করে ফ্লাইট পরিচালনা করা যাবে। এ চারটি পয়েন্ট পরবর্তীতে নির্ধারণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন