News71.com
 Bangladesh
 22 Aug 23, 10:59 AM
 213           
 0
 22 Aug 23, 10:59 AM

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল হার চুড়ান্ত করল সড়ক বিভাগ॥

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল হার চুড়ান্ত করল সড়ক বিভাগ॥

নিউজ ডেস্ক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (বিমানবন্দর-যাত্রাবাড়ী) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট অংশের টোল হার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। যানবাহনকে চার শ্রেণিতে ভাগ করে এই টোল ঠিক করা হয়েছে। এতে সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) মন্ত্রণালয়ের সেতু বিভাগের উপসচিব আবুল হাসানের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, চার শ্রেণির যানবাহনের মধ্যে কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাকের (৩ টনের কম) টোল ফি (টাকা ও ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা। সব ধরনের বাসের (১৬ সিট বা এর বেশি) ক্ষেত্রে ১৬০ টাকা টোল ফি (টাকা ও ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে। এছাড়া মাঝারি ধরনের ট্রাকের (৬ চাকা পর্যন্ত) টোল ফি (টাকা ও ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে ৩২০ টাকা। বড় ট্রাকের (৬ চাকার বেশি) ক্ষেত্রে ৪০০ টাকা টোল ফি (টাকা ও ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ যানবাহনের জন্য উন্মুক্ত হওয়ার দিন থেকে এই টোলহার কার্যকর হবে। নির্ধারিত অংশের যে কোনও স্থানে ওঠানামার ক্ষেত্রে এই টোলহার প্রযোজ্য বলে জানানো হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য মতে, ১৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড।এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সর্বনিম্ন টোল আগেই নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা এবং সর্বোচ্চ ৬২৫ টাকা। এতে যানবাহনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার নির্ধারণ করা হয়। তবে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ দুই ও তিন চাকার কোন যানবাহন চলতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন