
নিউজ ডেস্ক: ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউতে আগামীকাল সোমবার আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে। এ কর্মসূচি উপলক্ষে যানজট পরিহারের লক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ ও এর আশপাশের এলাকার রাস্তাসমূহে ডিএমপি’র পক্ষ থেকে কতিপয় নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার কদমফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, নাইটিংগেল ক্রসিং, ফুলবাড়ীয়া ক্রসিং, বঙ্গবন্ধু স্কয়ার ও এর আশপাশের এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ফলে ওই এলাকার রাস্তাসমূহে সোমবার সকাল ৭টা হতে কর্মসূচী শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে।
ট্রফিক ডাইভারশন রুট সমূহ হলো- কদমফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, নাইটিংগেল ক্রসিং, ফুলবাড়ীয়া ক্রসিং এবং বঙ্গবন্ধু স্কয়ার। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার কর্মসূচি চলাকালীন সময়ে যে সমস্ত যানবাহন সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে গুলিস্থানে আসবে সেই সমস্ত যানবাহন বঙ্গবন্ধু স্কয়ারে ডাইভার্ট হয়ে রাজউক ক্রসিং দিয়ে দৈনিক বাংলা ক্রসিং এবং ফকিরাপুল ক্রসিং ও ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।এছাড়া রামপুরা, মৌচাক হতে আগত শান্তিনগর-রাজমনি ক্রসিং হয়ে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিংগেল ক্রসিং হতে ফকিরাপুল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
শাহবাগ, মৎস্য ভবন হতে আগত গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা-পুরাতন হাইকোর্ট-সরকারী কর্মচারী হাসপাতাল-বঙ্গবাজার-ফুলবাড়ীয়া ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
এদিকে সদরঘাট, কেরানীগঞ্জ হতে আগত গুলিস্তান অভিমুখী যাত্রীবাহী যানবাহন ফুলবাড়ীয়া ক্রসিং বামে মোড় নিয়ে বঙ্গবাজার-চানখার পুল-বকশীবাজার-পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।নগরবাসীকে উল্লেখিত সময়ে এসব এলাকা ও রোডসমূহ পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।