News71.com
 Bangladesh
 14 Aug 23, 02:02 PM
 211           
 0
 14 Aug 23, 02:02 PM

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জলমগ্ন॥মাথায় হাত সোয়া লাখ কৃষকের

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জলমগ্ন॥মাথায় হাত সোয়া লাখ কৃষকের

নিউজ ডেস্ক: অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু ও ডলু নদীর তীরঘেঁষে শত শত হেক্টর জমির সবজি স্মরণকালের ভয়াবহ বন্যায় ভেসে গেছে। পানি নেমে বিরানভূমি হয়ে জাগছে দোহাজারী। সবজি সংকটে বাজারেও উত্তাপ। পেঁপের মতো সবজি কেজিতে দ্বিগুণের বেশি বেড়ে বিক্রি হচ্ছে । জেলার শস্যভান্ডার দোহাজারী ও খ্যাত গুমাই বিলে এখন অথৈ পানি। আমন-আউশ, পানবরজ, সবজিক্ষেত সবকিছুই বিলীন। জলে তলিয়ে যাওয়ার কারনে জেলার সোয়া লাখেরও বেশি কৃষকের এখন মাথায় হাত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবমতে ভয়াবহ বন্যায় দোহাজারীসহ দক্ষিণ চট্টগ্রামে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে সবজি, ধানসহ ১ লাখ ১৫ হাজার ৮৩১ কৃষকের ৩৭২ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। মন্ত্রণালয় ও কৃষি অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। 

 

কৃষি বিভাগ জানায়, বন্যায় জেলার ১৪ উপজেলায় শরৎকালীন ২ হাজার ৮৯৮ হেক্টর জমির শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ হাজার ১৭৩ হেক্টর আমন বীজতলা, ৩ হাজার ৪৪৮ হেক্টর আমন ও ২ হাজার ৭২৫ হেক্টর আউশ আবাদ নষ্ট হয়ে গেছে। ২৭ হেক্টর পানের বরজ ও ৫৫ হেক্টর পেঁপেবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দোহাজারীর সাঙ্গু ও সাতকানিয়ার ডলু নদীর তীরবর্তী ধোপাছরি, দোহাজারী, বরমা, বইলতলী, বসরত নগর, হাজারীবাজার, বারতখানা, চাগাচর, জামিরজুরী, লালটিয়া, দিয়াকুল, রায়জোয়ারা, কিল্লাপাড়া, লালিয়ার চর, লালটিয়ার চর, পুরানগড়, শিলঘাটার ক্ষেতগুলোতে কোনো সবজি অক্ষত নেই। এসব এলাকার চিচিঙ্গা, বরবটি, লাউ, তিতকরলা, ফুলকপি, মরিচ, বেগুন, টমেটোসহ সব সবজি লন্ডভন্ড হয়ে গেছে। শুধু সাঙ্গু নদীর উভয় তীর ও চরে দুই হাজার হেক্টর সবজিক্ষেত এখন বিরানভূমি। অন্যদিকে বন্যায় জেলার ১৩ হাজার ৩৭৯টি পুকুর এবং ১২৬টি ঘেরের প্রায় ৪ হাজার ১৫৪ টন মাছ ভেসে গেছে। শুধু মৎস্য খাতেই ক্ষয়ক্ষতি হয়েছে ৬৯ কোটি ৩৮ লাখ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন