News71.com
 Bangladesh
 13 Aug 23, 01:11 PM
 215           
 0
 13 Aug 23, 01:11 PM

সেপ্টেম্বরেই উদ্বোধনের সম্ভাবনা খুলনা-মোংলা রেলপথ॥চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

সেপ্টেম্বরেই উদ্বোধনের সম্ভাবনা খুলনা-মোংলা রেলপথ॥চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

নিউজ ডেস্কঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি খুলনা-মোংলা রেলপথের কাজ এখন একেবারেই শেষের পথে। আশা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বরের শেষে বহু আকাঙ্ক্ষিত খুলনা-মোংলা রেলপথ উদ্বোধন করা হবে। ইতিমধ্যে রেলপথের ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে মাত্র ৩ শতাংশ রেলপথ ও কিছু ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে। চলতি মাসের মধ্যেই বাকি কাজও সম্পন্ন হবে। এই রেলপথ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হলে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

 

জানা যায়, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মোংলার সঙ্গে পার্শ্ববর্তী দেশ ভারত এবং নেপাল ও ভুটানের সঙ্গে পণ্য পরিবহনে সাশ্রয় ও সহজ করতে খুলনার ফুলতলা রেলস্টেশন থেকে মোংলা পর্যন্ত রেলপথ স্থাপনের প্রকল্পটি শুরু হয় ২০১০ সালে। ২০১৩ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হয়নি। এরপর দুই দফা সংশোধনের পর সর্বশেষ ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়। কিন্তু গত বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজের ৯০ কিলোমিটারের মধ্যে ৭৫ কিলোমিটারের কাজ শেষ করা সম্ভব হয়। 

 

রেলওয়ে প্রকল্প সূত্র জানায়, ২০১০ সালের ২১ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রথম দফায় প্রকল্পটির ব্যয় ধরা হয় ১ হাজার ৭২১ কোটি টাকা। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় প্রথম সংশোধনীতে ব্যয় বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৮০১ টাকা। ২০২১ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। দ্বিতীয় দফা সংশোধনের পর সর্বশেষ ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়। সেই সঙ্গে ব্যয় বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২৬০ কোটি ৮৮ লাখ টাকা। 

 

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় পরিষদের সভাপতি শেখ আশরাফ-উজ জামান বলেন, খুলনা-মোংলা রেলপথ চালু খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি। এই রেলপথ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হলে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন