News71.com
 Bangladesh
 04 Jun 26, 08:57 PM
 15           
 0
 04 Jun 26, 08:57 PM

অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ ডিআইজি॥গ্রেড-১ পেলেন দুই কর্মকর্তা  

অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ ডিআইজি॥গ্রেড-১ পেলেন দুই কর্মকর্তা   

নিউজ ডেস্কঃ পুলিশের ডিআইজি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী তাঁরা গ্রেড-২ মর্যাদা পাবেন। যোগদানের তারিখ থেকে এ পদোন্নতি কার্যকর হবে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশের ভিত্তিতে পদোন্নতির এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মোশাররফ হোসাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদ ও ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দাখিল করতে হবে। এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার দুই কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন—হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন। প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত এ দুই কর্মকর্তাকেও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ তাঁদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন