
নিউজ ডেস্কঃ দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৯ এপ্রিল একই ফ্লাইটে মরিশাসের উদ্দেশে যাত্রা করবেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় এয়ার মরিশাসের একটি বাণিজ্যিক ফ্লাইটে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাত থেকে আট ঘণ্টার এই দীর্ঘ পথ পাড়ি দেবেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দাপ্তরিক ধরাবাঁধা নিয়মের বাইরে দুই দেশের মন্ত্রীর এই দীর্ঘ সময় একসঙ্গে কাটানো একটি বড় ধরনের কূটনৈতিক সাফল্য। এই যাত্রাপথে একান্ত পরিবেশে দুই দেশের গুরুত্বপূর্ণ ও অমীমাংসিত দ্বিপাক্ষিক ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি বাংলার খবর অনুযায়ী, ৭ এপ্রিল দিল্লি পৌঁছে আনুষ্ঠানিকতা শেষ করে ৯ এপ্রিল সেখান থেকেই সরাসরি মরিশাসে যাবেন ড. খলিলুর রহমান। সেখানে অনুষ্ঠেয় নবম ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। একই সম্মেলনে অংশ নেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই আন্তর্জাতিক সম্মেলনটির আয়োজক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লিভিত্তিক থিংকট্যাঙ্ক ‘ইন্ডিয়া ফাউন্ডেশন’। সংস্থাটির সভাপতি বিজেপি-ঘনিষ্ঠ প্রভাবশালী নেতা রাম মাধব।