News71.com
 International
 16 Jul 16, 11:35 AM
 498           
 0
 16 Jul 16, 11:35 AM

বাংলাদেশের সন্ত্রাসবিরোধী লড়াই ও উন্নয়নে পাশে থাকবে জাপান ।।

বাংলাদেশের সন্ত্রাসবিরোধী লড়াই ও উন্নয়নে পাশে থাকবে জাপান ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ১১তম আসেম শীর্ষ সম্মেলন উপলক্ষে মঙ্গোলিয়া সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল উলানবাটোরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাৎ করেন ।

সাম্প্রতিক জঙ্গি হামলার কথা উল্লেখ করে বাংলাদেশের সন্ত্রাসবিরোধী লড়াইয়ের পাশাপাশি উন্নয়নমূলক সব ধরনের প্রকল্পে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। সেই সঙ্গে বাংলাদেশে জঙ্গি হামলার নেপথ্য বিষয় নিয়ে তথ্য আদান-প্রদানে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে গতকাল একাদশ এশিয়া-ইউরোপ (আসেম) শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ বিষয়ে জানান ।

গুলশানের জঘন্য হামলার তীব্র নিন্দা করে শিনজো আবে বলেন, ‘এই আসেম সম্মেলনের মাধ্যমেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বে কঠোর বার্তা ছড়িয়ে দেওয়া হবে যে আমরা কোনো ধরনের সন্ত্রাসকে সহ্য করব না এবং আমরা সম্মিলিত কণ্ঠেই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাব ।

বৈঠকে বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলার শিকড় খুঁজে বের করার ক্ষেত্রে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে ইতিমধ্যে সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি দেশের চিন্তাশীল জনগোষ্ঠী এ অবস্থা থেকে দ্রুত উত্তরণে খুবই সক্রিয় ভূমিকা পালন করছে ।

বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের যুদ্ধে তাঁর একাত্মতার দৃঢ়সংকল্প ব্যক্ত করেন। সেই সঙ্গে শিনজো আবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি তাঁর পূর্ণ সমর্থনের কথা উল্লেখ করেন। তিনি এ সময় গুলশানের হামলায় হতাহতদের স্বজনদের প্রতি অকুণ্ঠ সহানুভূতি এবং একাত্মতা প্রকাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।

বৈঠকে শেখ হাসিনা গুলশানের একটি রেস্তোরাঁয় সাম্প্রতিক জঙ্গি হামলায় জাপানি ৭ নাগরিক নিহত হওয়ায় তাঁর গভীর শোকের কথা পুনর্ব্যক্ত করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ, জাপানসহ উন্নয়ন সহযোগী এবং বন্ধুভাবাপন্ন বেশ কয়েকটি দেশের নাগরিক গুলশানের ঘটনায় প্রাণ হারান। তিনি বলেন, ‘আমরা মনে করি, জাপান আমাদের পরীক্ষিত বন্ধু এবং উন্নয়ন সহযোগী। সুতরাং জাপানের যেসব নাগরিক বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করছে তাদেরসহ জনগণকে নিরাপদে রাখা ও তাদের সার্বিক নিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি ।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, পররাষ্ট্রসচিব মো. শহিদুল হক, মঙ্গোলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল করিম, বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান এ সময় উপস্থিত ছিলেন ।

যোগাযোগের কৌশলগত সুযোগ কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর এদিকে আসেম শীর্ষ সম্মেলনের দ্বিতীয় প্লেনারি অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সব দেশ ও সমাজের মধ্যে যোগাযোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, যোগাযোগের কৌশলগত সুযোগ কাজে লাগাতে হবে। যোগাযোগ এখন আর কোনো একক দেশের বিষয় নয়। বর্তমানে যোগাযোগব্যবস্থা সবার জন্য কৌশলগত সম্ভাবনা ও সুযোগে পরিণত হয়েছে ।

শেখ হাসিনা বলেন, আজ আসেমের দেশগুলো নতুন প্রবৃদ্ধির কেন্দ্র ও সংযোগস্থলে পরিণত হচ্ছে। দীর্ঘদিনের পরিচিত বাণিজ্য ও শিল্প অংশীদাররা এখন নতুনদের জন্য পথ করে দিচ্ছে। আমাদের অর্থনীতিতে উৎপাদন ও সেবা খাতে ধারাবাহিক ও দায়িত্বশীল বাণিজ্য ব্যবস্থাপনা গড়ে উঠছে এবং পারস্পরিক আঞ্চলিক কর্মকাণ্ডে আঞ্চলিক ও বৈশ্বিক পণ্য বিপণন ব্যবস্থাপনাও (সাপ্লাই চেইন) সম্প্রসারিত হচ্ছে। যথাযথ মান এবং সংহতি, বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও সমতার মতো নীতির ভিত্তিতেই সব উন্নয়ন উদ্যোগ গ্রহণ করতে হবে ।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে বহুমুখী যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) এবং বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডর (বিসিআইএম-ইসি) অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যোগাযোগ তৈরিতে বিপুল সুযোগ সৃষ্টি হয়ে জনগণের জীবন ও জীবিকার উন্নয়ন ঘটবে বলে মন্তব্য করেন তিনি ।

টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন এবং স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে যোগাযোগ কাঠামোর রূপরেখা কী হবে তা প্রণয়নের ওপর গুরুত্ব দেন শেখ হাসিনা। আসেম সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার উলানবাটর পৌঁছান প্রধানমন্ত্রী। গতকাল সকালে সাঙ্গরি-লা হোটেলে সম্মেলনস্থলে পৌঁছলে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট সাখিয়াজিন এলবেগদোর্জ তাঁকে স্বাগত জানান ।

আসেমভুক্ত ৩০টি ইউরোপীয় ও ২১টি এশীয় দেশ এবং ২টি আন্তসরকার সংগঠনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিয়েছেন। শেখ হাসিনা ছাড়াও ২২টি দেশের প্রধানমন্ত্রী, ১১টি দেশের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট, ১৬ জন পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় কাউন্সিল ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এবং অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশনসের সেক্রেটারি জেনারেল রয়েছেন সম্মেলনে ।

আসেমের ২০ বছরে পদার্পণে মঙ্গোলিয়ার এই সম্মেলনে বর্তমানে সংঘটিত নানামুখী রূপান্তরের প্রেক্ষাপটে ঘনিষ্ঠ যোগাযোগব্যবস্থার ওপর আলোকপাত করা হয়। আজ‘এনহেন্সিং দ্য থ্রি পিলার অব আসেম’ শিরোনামে অবকাশকালীন বৈঠক হওয়ার কথা। সেখানেই বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়, বিশেষ করে সন্ত্রাস দমন এবং অভিবাসন নিয়ে আলোচনা হবে। এদিন উলানবাটর ঘোষণার মধ্য দিয়ে আসেম সম্মেলন শেষ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন