
নিউজ ডেস্ক: প্যালেস্টাইন হামলায় হতাহতদের পরিবারগুলোর পক্ষ থেকে ফেসবুকের বিরুদ্ধে ১০ কোটি মার্কিন ডলার সমমূল্যের মামলা করা হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি সংঘর্ষ ও উত্তেজনা ছড়াতে জঙ্গিদের প্ল্যাটফর্ম সরবরাহ করছে, এই অভিযোগ এনে ওই মামলা করা হয়েছে।
গত শনিবার নিউ ইয়র্ক আদালতে ইসরাইল ও আমেরিকার ৫টি পরিবারের হয়ে ওই মামলা করে সুরাত হাদিন নামের এক ইসরাইলি লেগ্যাল অ্যাডভোকেসি গ্রুপ। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, নতুনদের নিয়োগ, সন্ত্রাসী কাজ শেখানো, অনুদান সংগ্রহ, ভয়ের প্রচারণা, হামলার রূপরেখা তৈরিতে যোগাযোগের মাধ্যম হওয়া -এমন নানা ধরনের কাজে জঙ্গিদের সাহায্য করে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘন করেছে ফেসবুক।
এ ব্যাপারে সুরাত হাদিনের আইনজীবী নিতসানা দার্শান লেইতনার বলেন, অক্টোবর থেকে ফিলিস্তিনিরা রাস্তায় হামলা করে এবং তাদের ছুরিকাঘাতে ৩৪ জন ইসরাইলি নাগরিক এবং দুই জন পরিদর্শক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ২০১ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ১৩৭ জন 'হামলাকারী' হিসেবে অ্যাখ্যা দিয়েছে ইসরাইল। এ ছাড়া অন্য সবাই সংঘর্ষ ও বিক্ষোভে নিহত হন।
তিনি আরও বলেন, এই অশান্ত অবস্থা নিয়ন্ত্রণে উত্তেজনা সৃষ্টিকারী বিষয়বস্তু এবং পোস্ট মুছে ফেলতে পারতো ফেসবুক। কিন্তু তারা সেটা করেনি। তাদের ভূমিকা ছিলো অনেকটা আক্রমণে 'উৎসাহিত' করার মতো।