
আন্তর্জাতিক ডেস্কঃ আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্কারের ৮৯ তম আসর। অ্যাকাডেমি অব মোশন পিকচার অ্যান্ড সায়েন্স এ ঘোষণা দিয়েছে। দ্য হলিউড রিপোর্টার বলছে, ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি রবিবার বসতে যাচ্ছে এ চলচ্চিত্র আসর। গতবারের অনুষ্ঠানও এই দিনেই হয়েছিল।
এই তথ্যের পাশাপাশি চলচ্চিত্র যাঁচাই-বাছাই ও ভোট দেওয়ার যাবতীয় সময়সূচি জানায় প্রতিষ্ঠানটি। আগামী ২০১৭ সালের ৫ জানুয়ারি চলচ্চিত্র মনোনয়নের কাজ শুরু হবে। কমিটির সদস্যরা সেদিন থেকেই ছবি মনোনয়েনের জন্য ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার সুযোগ থাকবে ২০১৭ সালের ১৩ জানুয়ারি শুক্রবার পর্যন্ত। মনোনয়ন পাওয়া চলচ্চিত্রগুলোর নাম ঘোষণা করা হবে ২৪ জানুয়ারি। চূড়ান্ত ভোট কার্যক্রম শুরু হবে ১৩ ফেব্রুয়ারি এবং শেষ হবে ২১ ফেব্রুয়ারি।
এদিকে গত অস্কার আসরে বর্ণবাদ নিয়ে তুমুল বিতর্ক ওঠে। জোরেশোরে অভিযোগ উঠেছিল, অস্কার পুরস্কার কেবল সাদারাই পাচ্ছেন। এবং দেখা গেছে, অ্যাকাডেমির অধিকাংশ সদস্যই সাদা ও পুরুষ। এরাই ভোট দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে কে পুরস্কার পাবেন, তা ঠিক করেন। বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছিল যে, অনেক খ্যাতিমান তারকা অস্কার বর্জনের কথাও বলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ‘পারসুয়েট অব হ্যাপিনেস’-তারকা উইল স্মিথ।
এবার নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে এ বিষয়টির দিকে লক্ষ্য রাখা হয়েছে। নতুন সদস্যদের মধ্যে শতকরা ৪৬ ভাগ নারী । আর ৪১ ভাগ রয়েছেন অন্য বর্ণের মানুষ, যারা শ্বেতাঙ্গ নয়।
নারীদের মধ্যে আছেন ভারতীয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর, ফ্রিদা পিন্টো ও নির্মাতা দীপা মেহতা প্রমুখ। আর অন্য বর্ণের মধ্যে আইস কিউব ও জন বোয়েগা উল্লেখযোগ্য।