
আন্তর্জাতিক ডেস্ক: এইডস্ নিয়ে এত সচেতনতমূলক পদক্ষেপের পরও উপমহাদেশের মানুষ সেই কুসংস্কারেই ডুবে আছে। এবার এইচ আই ভি আক্রান্ত হওয়ায় ১৩ বছর বয়সী এক ছাত্রীকে বহিস্কার করা হয়েছে হোস্টেল থেকে!
ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার কেন্দ্রপাড়ার নবোদয় বিদ্যালয় নামে একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত স্কুলে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য ছাত্রছাত্রীদের অভিভাবকদের আপত্তিতেই ছাত্রীটিকে বহিষ্কার করা হয়েছে। এইডস আক্রান্ত হওয়ার কারণে মেয়েটির বাবা-মা অনেকদিন আগেই মারা গেছেন। সে তার কাকার সঙ্গে থাকে।
নবম শ্রেণীতে উঠলেও হোস্টেল থেকে বের করে দেওয়ায় সে আর স্কুলে যায়নি। তার কাকা তাকে গ্রামেরই একটি স্কুলে ভর্তি করে দিয়েছেন। মেয়েটির দাদাও এইচ আই ভি আক্রান্ত। বহিষ্কারের ঘটনায় ক্ষুব্ধ অনেকেই।
কেন্দ্রপাড়ার অতিরিক্ত জেলাশাসক ধনঞ্জয় সোয়েন জানিয়েছেন, ‘আমার কাছে এ বিষয়ে অভিযোগ জমা পড়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’