
আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ গত মঙ্গলবার ইনস্টাগ্রামের ইউজার সংখ্যা সর্বশেষ যে মাইলফলক ছুঁয়েছে তা উদযাপন উপলক্ষে অনলাইনে নিজের একটি ছবি পোস্ট করেন।
কিন্তু তার পোস্ট করা ওই ছবি সম্পুর্ণ ভিন্ন একটি বিষয়ে বিতর্ক উসকে দিয়েছে। আর তা হলো, অনলাইন প্রাইভেসি বা নিরাপত্তা। কারণ জুকারবার্গের মতো একজন প্রযুক্তি বিশেষজ্ঞকেও হ্যাকারদের হাত থেকে বাঁচতে পূর্ব সতর্কতা গ্রহণ করতে হয়েছ!
ছবিটিতে দেখা যায় জুকারবার্গ নিজেও হ্যাকারদের হাত থেকে বাঁচতে অভাবনীয় পূর্ব সতর্কতা নিয়েছেন। তিনি তার ল্যাপটপের ক্যামেরা ও মাইক্রোফোন জ্যাক দুটোই টেপ দিয়ে মুড়িয়ে রেখেছেন!
অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞ ও পরামর্শদাতা গ্রাহাম ক্লুলি বুধবার নিউইয়র্ক টাইমসকে এক ইমেইল বার্তায় লেখেন, ‘আমি মনে করি জুকারবার্গের এই পূর্ব সতর্কতা স্বাভাবিক একটি বিষয়। কারণ গোয়েন্দা সংস্থা এবং সাধারণ অনলাইন অপরাধীরা সারাক্ষণই তার মতো একজন তরুণ বিলিয়নিয়রের পেছনে লেগে রয়েছ’।
এমনকি এফবিআই পরিচালক জেমস কমিও জানিয়েছেন, তিনিও তার ব্যক্তিগত ল্যাপটপের ক্যামেরা টেপ দিয়ে মুড়িয়ে রাখেন।