
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ‘নো ব্যান এ্যাক্ট’ নামে একটি বিল পাস হয়েছে। মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের নাগরিকদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের ২৩৩-১৮৩ ভোটে গত ২২ জুলাই বিলটি পাস হয়। বিলের অন্যতম উদ্যোক্তা ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত কংগ্রেসওম্যান গ্রেস মেং।২০১৭ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব গ্রহণের কয়েকদিনের মধ্যেই ‘মুসলমানদের নিষিদ্ধ’ বিধি জারি করেছিলেন। ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, চাদ, নর্থ কোরিয়া এবং ভেনেজুয়েলার নাগরিকদের নিষিদ্ধের নির্বাহী আদেশ জারি করেছিলেন তিনি। সেই নির্বাহী আদেশের বিরুদ্ধে তুমুল প্রতিবাদের পাশাপাশি আদালতে যায় মানবাধিকার সংস্থাগুলো। এক পর্যায়ে ইউএস সুপ্রিম কোর্ট ট্রাম্পের ঐ নির্বাহী আদেশকে অকার্যকর করেছে। এর পরেও ট্রাম্প পুনরায় হুমকি দিয়েছেন আরেকটি আদেশ জারির। এমন পরিস্থিতিতে অ-আমেরিকান মনোভাবের প্রেক্ষিতে ডেমক্র্যাটরা প্রতিনিধি পরিষদের এই বিল পাশ করলেন।