
আন্তর্জাতিক ডেস্কঃ অবরুদ্ধ কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছে তুরস্ক। গতকাল শনিবার (০১ আগস্ট) পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মধ্যকার ফোনালাপের পর ইসলামাবাদ এ তথ্য জানিয়েছে। এর আগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন। এসময় কাশ্মীরসহ বিভিন্ন ইস্যুতে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।পাকিস্তান প্রেসিডেন্টের দফতর এক টুইট বার্তায় জানায়, প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি এবং প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় কাশ্মীরসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। প্রেসিডেন্ট আলভি বলেন, ফিলিস্তিন এবং ভারত অধিকৃত কাশ্মীরে দখলদার বাহিনী করোনা মহামারির মধ্যেও দমনপীড়ন চালিয়ে যাচ্ছে।’আরেক টুইটে পাকিস্তানের প্রেসিডেন্ট দফতর জানায়, তুর্কি প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন তার দেশ কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন দিয়ে যাবে। এ ইস্যুতে ভ্রাতৃত্বপূর্ণ দু’দেশের একই লক্ষ্য বলেও জানানো হয়।’করোনা মহামারির পরে পাকিস্তান প্রেসিডেন্টকে তুরস্ক সফরে যাওয়ার আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এসময় আয়া সোফিয়াকে প্রায় ৯ দশক পর মসজিদে ফিরিয়ে আনায় এরদোয়ানকে অভিনন্দন জানান আলভি।