
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন। এদিন, হাসপাতালেও হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এরমধ্যেই, হাউথিদের মোকাবিলায় দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে করা হাদি সরকারের শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে চীন, মিশর ও বাহরাইন। বৃহস্পতিবার ইয়েমেনের অন্তত তিনটি স্থানে হামলা চালায় হাউথিবিদ্রোহীরা। বন্দরনগরী আল মাখায়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় তিন বেসামরিক নাগরিকসহ হতাহত হয় অন্তত ২০ জন। হামলা চালানো হয় শরণার্থী শিবিরে। বাদ যায়নি ডক্টরস উইদাউট বর্ডার্সের অস্থায়ী হাসপাতালও। তবে পরের দুটি হামলায় কেউ হতাহত হয়নি। স্থানীয়রা বলছে, হাউথিদের হামলায় হাসপাতালের অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে। তবে রোগীদের নিরাপদে সরিয়ে নিতে পেরেছি, এটাই সবচেয়ে বড় সার্থকতা।
ইয়েমেনে মানবতাবিরোধী অপরাধ করছে হাউথিরা। হাউথিদের মোকাবিলায় হাদি সরকার ও দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীগোষ্ঠী সাউদার্ন ট্রান্সিশনাল কাউন্সিলের মধ্যে মঙ্গলবার স্বাক্ষরিত চুক্তি পথপ্রদর্শক হিসেবে কাজ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সাউদার্ন ট্রান্সিশনাল ইউনিটের মুখপাত্র নিজার হায়থাম বলেন, সৌদি আরব ও সযুক্ত আরব আমিরাতের সহায়তায় সরকার ও সাউদার্ন ট্রান্সিশনাল কাউন্সিলের শান্তিচুক্তি নতুন একটি অধ্যায়। আশা করি, প্রকৃত শান্তি প্রতিষ্ঠায় এ চুক্তি কার্যকর ভূমিকা রাখবে। সংকট সমাধানে শান্তিচুক্তি অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা মিশর, বাহরাইন ও চীনের।