
আন্তর্জাতিক ডেস্কঃ তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় উত্তপ্ত বারাসত। রাতভর পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ চলেছে সেখানে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস। নামানো হয় র্যাতফ এবং কমব্যাট ফোর্সও। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।অন্য দিকে, রাতভর খণ্ডযুদ্ধে ৪ পুলিশ কর্মী-সহ বেশ কয়েক জন আহত হয়েছেন । বারাসাত হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। দুই পুলিশকর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁদের।
ঘটনার সূত্রপাত গতকাল বৃহস্পতিবার। ওই দিন রাত ৮টা নাগাদ তৃণমূল ঘনিষ্ঠ এলাকার স্বপন চক্রবর্তীকে বিজেপির কর্মীরা দ্বিজহরিদাস কলোনির একটি ক্লাবে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ক্লাবের মধ্যে আটকে রেখে তাঁকে মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ। ক্লাবের মধ্যে থেকে স্বপনবাবুকে উদ্ধার করেন তাঁরা। সেখান থেকে ফিরে আসার সময়ই তাঁদের লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। বোমাও ছোড়া হয় বলে অভিযোগ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তেজিত জনতার উপর লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসও। এর পর পরিস্থিতি আরো উত্তপ্ত ওঠে। পুলিশকে আটকাতে শুরু হয় দেদার বোমাবাজি। রাস্তায় ইট ফেলে তাঁদের বাধা দেন বিজেপি কর্মীরা। পরে র্যা ফ এবং কমব্যাট ফোর্স গিয়ে ১৪ জনকে গ্রেফতার করে। তবে রাতভর তাণ্ডবের পর আপাতত বারাসতের পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে গোটা এলাকা থমথমে। এলাকায় পুলিশবাহিনী মোতায়েন হয়েছে। তবে এসপি অফিসের নাকের ডগায় দ্বিজহরিদাস কলোনিতে এত বিপুল পরিমাণ বোমা কী ভাবে মজুত ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে।