
আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কায় মুসলিম সম্প্রদায়ের ৯ মন্ত্রীর সবাই গতকাল সোমবার ইস্তফা দিয়েছেন। একইসঙ্গে দুই মুসলিম গভর্নরও পদত্যাগ করেছেন। ইস্টার সানডের ধারাবাহিক বিস্ফোরণের পর উগ্র বৌদ্ধদের দাবির মুখে তারা পদত্যাগ করতে বাধ্য হলেন। গত এপ্রিলে ওই হামলায় ২৫০ জন নিহত হয়েছিল। এর আগে গত শুক্রবার সন্ন্যাসী-রাজনীতিবিদ আথুরুলিয়া রথানা থেরো (তিনি সিনহলি জাতীয়তাবাদী জাথিকা হেলা উরুমায়া- জেএইচইউ-এর হয়ে পার্লামেন্টে এমপি) ক্যান্ডিতে ‘আমৃত্যু অনশন’ শুরু করেছিলেন। তিনি তিন শীর্ষ মুসলিম রাজনীতিবিদকে তাদের পদ থেকে সরিয়ে দেয়ার দাবি করছেন।
এরা হলেন মন্ত্রিসভার সদস্য রশিদ বাথিউদ্দিন, ওয়েস্টার্ন প্রভিন্সের গভর্নর আজাদ স্যালি ও ইস্টার্ন প্রভিন্সের গভর্নর এমএলএএম হিসবুল্লাহ।থেরো দাবি করছেন, এই তিন মুসলিম রাজনীতিবিদ কোনো না কোনোভাবে শ্রীলংকার মুসলিমদের মধ্যে ওয়াহাবিবাদ বৃদ্ধির জন্য দায়ী। তিনি আরো অভিযোগ করেছেন, ২১ এপ্রিল ২৫০ জনের বেশি লোককে হত্যাকারী আত্মঘাতী বোমারুদের নেতা জাহরান কাসিমের সাথে তাদের সম্পর্ক রয়েছে। দাবি আদায়ে চাপ দিতে রাথানা থেরো শ্রীলংকার বৌদ্ধদের সবচেয়ে পবিত্র স্থান ক্যান্ডির টুথ মন্দিরের বাইরে অনশন শুরু করেছেন। অনেক সন্ন্যাসী ও অজ্ঞ লোক এই অনশনে যোগ দিয়ে দেশে জাতীয়তাবাদী উন্মাদনা বাড়িয়ে তুলেছেন। থেরো বলেছেন, ওই মুসলিম মন্ত্রী ও দুই গভর্নরকে অপসারণ না করা পর্যন্ত অনশন চলবে।