News71.com
 International
 02 Jun 19, 12:04 PM
 148           
 0
 02 Jun 19, 12:04 PM

লোকসভায় ৫২ আসন নিয়েই লড়াই চালিয়ে যাবে কংগ্রেস॥রাহুল গান্ধী

লোকসভায় ৫২ আসন নিয়েই লড়াই চালিয়ে যাবে কংগ্রেস॥রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্কঃ ৩০৩ বনাম ৫২! লড়াইটা অসম হলেও হাল ছাড়তে নারাজ কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে নতুন উদ্যমে রাজনৈতিক ময়দানে নামতে চায় রাহুল গান্ধীর দল। তাই ৫২ জন সাংসদ নিয়েই ‘বিজেপির বিরুদ্ধে প্রতিদিন লড়াই হবে’ বলে জানালেন তিনি। একই সঙ্গে রাহুলের দাবি, বিজেপির বিরুদ্ধে দ্বৈরথে কংগ্রেসের ৫২ জনই যথেষ্ট শক্তিধর। তাঁর কথায়, ‘আমাদের ৫২ জন সাংসদ। কথা দিচ্ছি, বিজেপির বিরুদ্ধে লড়াইতে প্রতি ইঞ্চিতে এই ৫২ সাংসদই লড়াই করবেন। বিজেপিকে প্রতিদিন লাফাতে বাধ্য করতে আমরা এ ক’জনই যথেষ্ট। গতকাল নয়াদিল্লিতে সংসদীয় দলের বৈঠকে এ কথা বলেন রাহুল গান্ধী। বৈঠকে নেতা-কর্মীদের চাঙ্গা করতেই এ কথা বলেন তিনি। তিনি বলেন, কংগ্রেসকে পুনরুজ্জীবিত হতে হবে। সে কাজটি তাঁরা করতে পারেন বলেও দাবি করেন।তাঁর কথায়, ‘প্রত্যেক কংগ্রেস সদস্যের মনে রাখা উচিত যে, আপনারা সংবিধানের হয়ে লড়ছেন, ভারতের প্রতিটি মানুষের বিশ্বাস বা গায়ের রং যা-ই হোক না কেন, তাঁদের প্রত্যেকের হয়ে লড়াই চালাচ্ছেন।

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে ঝড় তুলে দ্বিতীয়বার ক্ষমতা দখল করেছেন নরেন্দ্র মোদি। ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি একাই ৩০৩টির দখল নিয়েছে। সেখানে কংগ্রেসের ঝুলিতে রয়েছেন মাত্র ৫২ জন সাংসদ। নির্বাচনে দলের এই ভরাডুবির পর সভাপতির পদ থেকেই সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাহুল। তাঁকে বোঝাতে কোনো কসুর করেননি শীর্ষ নেতারা। তবে নিজের পদে থাকতে অনীহা দেখিয়েছেন রাহুল। রাহুলের ইস্তফায় দলের হাল কে ধরবেন, তা নিয়েও জল্পনা শুরু হয় রাজনৈতিক শিবিরে। যদিও এ নিয়ে কোনো ঘোষণা করেনি কংগ্রেস। এই আবহে ফের বিজেপির বিরুদ্ধে দলকে চাঙ্গা করার বার্তা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল। যা বিশেষ অর্থবহ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন