
আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরান কখনোই বলদর্পী শক্তির কাছে মাথানত করবে না। তিনি আরও বলেন, ইরান যুক্তি ও আলোচনার পক্ষে। তবে ইরান কেবল তাদের সঙ্গেই আলোচনা করে যারা পারস্পরিক সম্মানে বিশ্বাসী এবং আলোচনার জন্য নির্দেশ জারি করে না। গতকাল শনিবার রাতে রাজধানী তেহরানে ইরানের ক্রীড়াবিদদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। ইরানের ওপর মার্কিন চাপ ও নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে রুহানি বলেন, মার্কিন সরকার ভুল হিসেব-নিকেশ করেছিল।তারা ভেবেছিল চাপ দিয়ে কয়েক মাসের মধ্যে ইরানকে কাবু করে ফেলা যাবে। কিন্তু ইরানিদের দৃঢ়তা ও প্রতিরোধের কারণে শত্রুরাই আস্তে আস্তে পিছু হটেছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা আমাদেরকে কাবু করতে পারবে না এবং শত্রুদের বিরুদ্ধে ইরানের বিজয় নিশ্চিত। বহু বছরের আলোচনার সফল ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যায় গত বছরের ৮ মে। এরপর থেকে ইরানের ওপর নতুনকরে নিষেধাজ্ঞা আরোপ শুরু করে ট্রাম্প প্রশাসন। তবে গোটা বিশ্বেই ট্রাম্পের এই পদক্ষেপ সমালোচিত হয়েছে।