
আন্তর্জাতিক ডেস্কঃ রীতিমত চমক দিয়ে মন্ত্রিসভায় প্রাক্তন বিদেশ সচিবকে নিয়ে এসেছেন মোদী ও অমিত শাহ। আর প্রত্যাশামতই তাঁকে দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রক। এতদিন বিচক্ষণতার সঙ্গে বিদেশ মন্ত্রক সামলে এসেছেন সুষমা স্বরাজ। ভারতীয়রা বিশ্বের যে প্রান্তেই বিপদে পড়ুন না কেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সুষমা। এবর আর মন্ত্রিসভায় নেই তিনি। অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছেন সরকার থেকে। তাই তাঁর বিকল্প খুঁজতে বেগ পেতে হচ্ছিল বিজেপিকে। আর তাছাড়া, বিদেশনীতি মোদীর এক গুরুত্বপূর্ণ অস্ত্র। গত পাঁচ বছরে সেটাই দেখা গিয়েছে। বিদেশনীতির শক্তি দিয়েই উইং কমান্ডার অভিনন্দনকে এক রাতেই পাকিস্তান থেকে ফিরিয়ে এনেছিল ভারত। দেশ-বিদেশ সফর করে তিনি নিজেও সম্পর্ক গঠন করেছেন বিচক্ষণতার সঙ্গে। অবশেষে এস জয়শঙ্করকে বেছে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবারই তাঁকে বিদেশমন্ত্রী ঘোষণা কোরেছে মোদী,সরকার।
ডোকলাম সংঘাত এর সময়েও গুরুদায়িত্ব নিয়েছিলেন এই সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। চিন সীমান্তে বেশ কয়েকদিন মুখোমুখি দাঁড়িয়ে ছিল ভারত ও চিনের সেনাবাহিনী। সংঘাতের সেই পরিস্থিতি থেকে উদ্ধার করতে বড় ভূমিকা নেন তিনি। একসময় চিনের রাষ্ট্রদূতও ছিলেন। লাদাখে অনুপ্রবেশ রুখতেও বড় ভূমিকা নিয়েছিলেন জয়শঙ্কর। তাই তাঁকে বিদেশমন্ত্রক দিলে যে চিন-নীতি ভারতের হাতের মুঠোয় চলে আসবে, এমনটাই আশা মোদী সরকারের। শুধু তাই নয়, আমেরিকা র সঙ্গে পরমাণু চুক্তির সময় ২০০৫ সালে ভারতের যে টিম কাজ করেছিল তার অন্যতম সদস্য ছিলেন জয়শঙ্কর। দু বছর পর ২০০৭ সালে মনমোহন সিংয়ের জমানায় সেই চুক্তি সম্পন্ন হয়। ১৯৭৭ ব্যাচের অফিসার তিনি। ২০১৩ তে তাঁকেই বিদেশসচিব হিসেবে প্রথম পছন্দ ছিল মনমোহন সিংয়ের। কিন্তু অন্যান্য নেতাদের পরামর্শে সিনিয়র হিসেবে সুজাতা সিং কেই এই দায়িত্ব দেওয়া হয়।
গত মার্চ মাসেই রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেছেন তিনি। গত চার দশকে তিনিই সবথেকে বেশি সময় ধরে বিদেশ সচিবের দায়িত্ব সামলেছেন। ২০১৫ সালে এই দায়িত্ব পান তিনি। ২০১৮ তে অবসর নেওয়া পর্যন্ত এই পদে ছিলেন। চাকরির প্রথম দিকে রাশিয়ায় ছিলেন জয়শঙ্কর। এরপর টোকিও সহ ইউরোপের একাধিক রাজধানী শহরে কাজ করেছেন তিনি। শ্রীলঙ্কার ভারতীয় পিস কিপিং ফোর্সের পলিটিক্যাল অ্যাডভাইজার ও সচিব হিসেবেও কাজ করেছেন তিনি। ২০১৮ তে অবসরের পর তিনি টাটা গ্রুপের গ্লোবাল করপোরেট আফেয়ার্সের প্রেসিডেন্ট এর দায়িত্ব নেন। উল্লেখ্য এবার মন্ত্রিসভায় থাকছেন না সুষমা স্বরাজ। এর আগে তিনিই ছিলেন বিদেশমন্ত্রী। তাই এবার সেই জায়গায় জয়শঙ্কর কে দায়িত্ব দেওয়া হয়েছে।