
আন্তর্জাতিক ডেস্কঃ রিসাইক্লিংয়ের জন্য যাওয়া প্লাস্টিক বর্জ্য বাংলাদেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া। ৩ হাজার ৩০০ টন নন-রিসাইক্লেবল প্লাস্টিক বর্জ্য ফেরত পাঠানোর জন্য বিভিন্ন দেশের একটি তালিকা তৈরি করেছে দেশটি। সেই তালিকার মধ্যে নাম আছে বাংলাশের। কুয়ালালামপুরের একটি বন্দরে জড়ো করা ময়লার কন্টেইনারে দেখা যায়, বাংলাদেশ থেকে আসা কমপ্যাক্ট ডিস্কও (সিডি) সেখানে ছিল। এমন খবর প্রকাশ করেছে জার্মান আন্তর্জাতিক সংবাদ সংস্থা ডয়েচে ভেলে।
প্রতিবছর বিশ্বে মোট ৩০০ মিলিয়ন প্লাস্টিক উৎপাদন হয় বলে বলছে ‘দ্য ওয়ার্ল্ডওয়াইড ফান্ড ফর নেচার’ নামক একটি প্রতিষ্ঠান। এই প্লাস্টিক পণ্য থেকে উৎপাদিত বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিংয়ের জন্য নেয়া হয় এক দেশ থেকে অন্য দেশে। কিন্তু সম্প্রতি কয়েকটি দেশের মধ্যে সে আবর্জনা নিয়ে বিরোধ চলছে। আর এতে করেই উৎস দেশে ময়লা ফেরত পাঠানোর ঘটনা ঘটছে। ব্যবহার করার পর প্রায় সাত হাজার মেট্রিক টন আবর্জনা রিসাইক্লিংয়ের জন্য উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যায়। পূর্বে প্লাস্টিক আবর্জনার ৫৬ ভাগ চীন রিসাইক্লিং করতো। ২০১৮ সালে দেশটি প্লাস্টিক বর্জ্য আমদানি বন্ধ করে দেয়। তারপর থেকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে এসব আবর্জনা। সম্প্রতি মালয়েশিয়া রিসাইক্লিংয়ের জন্য আসা প্লাস্টিক বর্জ্য উৎস দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে।