
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের পবিত্র মদিনা শরীফে অবস্থিত মসজিদে নববীর প্রখ্যাত ইমাম শায়খ আব্দুল কারিদ শাইবা আলম-হামদ ইন্তেকাল করেছেন। গত সোমবার দেশটির রাজধানী রিয়াদে তিনি মারা যান, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।সৌদি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গত মঙ্গলবার বাদ আসর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। তাকে রিয়াদের উত্তরের একটি কবরস্থানে দাফন করা হয়েছে।ইমাম আব্দুল কারিদ ১৯২১ সালে মিশরে জন্ম গ্রহণ করেন। তিনি কায়রোর বিশ্ববিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে শরিয়া অনুষদে লেখাপড়া করেন। নিজ দেশে ইসলামি শরিয়ার ওপর ১০ বছর শিক্ষকতাও করেন তিনি।
পরে সৌদি আরবের মাহাদ বুরাদাহ আল-ইলমিতে শিক্ষকতার সুযোগ পেলে মিশর ছেড়ে রিয়াদে চলে আসেন ইমাম আব্দুল কারিদ। সেখানে আরবি ভাষা ও শরিয়া কলেজে শিক্ষকতা শুরু করেন তিনি। কিছু দিন পর মদিনা শরীফে ইমামতির দায়িত্ব পান শায়খ আব্দুল কারিদ। ১৯৮৬ ও ১৯৮৮ সালের রমজানে তাহাজ্জুদ নামাজের ইমামতি করেন তিনি। দীর্ঘ ১৪ বছর ধরে মসজিদে নববীতে পবিত্র কুরআনের তাফসির নিয়ে দরস দিতেন ইমাম আব্দুল কারিদ ।